ধুনটে অবৈধ বালু মহাল নিয়ে আ.লীগের দু’পক্ষের দ্বন্দ্ব : গাড়িতে অগ্নিসংযোগ

বগুড়ার ধুনট উপজেলায় বাঙ্গালী নদীর অবৈধ বালু মহালের আধিপত্য বিস্তার নিয়ে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দু’পক্ষের নেতাকর্মীদের দ্বন্দ্বের জেরে হামলা, গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার রাত ১০টার দিকে উপজেলার বাঙ্গালী নদীর নিমগাছি-নাংলু গ্রামের চর এলাকায় এ ঘটনা ঘটে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নিমগাছি ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেনের নেতৃত্বে আ.লীগের নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে নিমগাছি-নাংলু এলাকায় বাঙ্গালী নদীর চরের বালু কেটে বিক্রি করে আসছে। কিন্ত বালু মহালের আধিপত্য বিস্তার ও বালু ব্যবসার টাকার ভাগ বাটোয়ারা নিয়ে কয়েক মাস আগে থেকে আ.লীগের নেতাকর্মীরা বিভক্ত হয়ে পড়ে।

এ অবস্থায় সোমবার রাত ১০টার দিকে ইব্রাহীম হোসেন ও তার লোকজন খনন যন্ত্র দিয়ে ওই মহালে চরের বালু কেটে ট্রাকে তুলে বিক্রি করছিলেন। এ সময় একই এলাকার আওয়ামী লীগের কর্মী মজনু আলম, শামীম হোসেন ও জাহিদুল ইসলাম লোকজন নিয়ে বালু মহালে হামলা চালায়। হামলাকারীরা বালু খনন ও পরিবহন কাজে ব্যবহৃত ১টি খনন যন্ত্র ও ২টি ট্রাক ভাংচুর এবং ১টি ট্রাক পুড়িয়ে দিয়েছে। এছাড়া ওই বালু মহালের অফিস কক্ষটি ভাংচুর করেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সংবাদ পেয়ে থানা পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় অভিযোগের প্রস্তুতি চলছে। ঘটনার পর থেকে হামলাকারীরা আত্মগোপনে থাকায় এ বিষয়ে তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি।

ধুনট থানার ওসি আতিকুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে তাৎক্ষনিক ভাবে ঘটনাস্থলে একজন পুলিশ কর্মকর্তাকে (এসআই) পাঠানো হয়েছিল। এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ