ধুনটে জুয়ার ফাঁদে নিঃস্ব হয়ে ঋণের চাপে কাঠমিস্ত্রির আত্মহত্যা

কাঠমিস্ত্রীর কাজ করে কোনো রকম সংসার চালাতেন আব্দুল আলিম (৪৫)। ঠিকঠাক চলছিল তার সংসার। কিন্তু হঠাৎ লোভে পড়ে জুয়ায় আসক্ত হন তিনি। জুয়ায় টাকা হেরে দিনদিন বাড়তে থাকে তার ঋণের পরিমাণ। বাধ্য হয়ে নিজের সহায় সম্ভব বিক্রি করে অনেকের পাওনা টাকা পরিশোধ করেন। কিন্তু লোভ সামলে ওঠেনি, তার সবকিছু শেষ করার পর বিভিন্ন দাদন ব্যবসায়ীর কাছে চড়া সুদে ঋণ নিয়েও বাজি লাগাতেন তিনি। ফলে পাওনাদারদের চাপ আর মানসিক দুশ্চিন্তায় পড়ে আব্দুল আলিম আত্মহত্যার পথ বেছে নেন। আব্দুল আলিম বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

বৃহস্পতিবার সকাল ১১টায় বাড়ির পাশে জঙ্গল থেকে আব্দুল আলিমের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এরআগে সকাল ৯টার দিকে বাড়ির পাশে জঙ্গলের ভেতর গিয়ে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবনে আত্মহত্যা করেছেন আব্দুল আলিম।

ধুনট থানার এসআই আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করে বলেন, আব্দুল আলিম দীর্ঘদিন ধরে জুয়ায় টাকা হেরে ধার-দেনায় জর্জরিত। বিভিন্ন লোকজনের কাছে টাকা ধার করেছিল। এখন পাওনাদাররা টাকার জন্য চাপ দিলে তা ফেরত দিতে পারছিল না। ঋণ পরিশোধের উপায় না থাকায় তিনি বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবনে আত্মহত্যা করে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ