
বগুড়ার ধুনট উপজেলায় মাদক বিরোধী ভ্রাম্যমান আদালতের অভিযানে রাজু মিয়া (২৩) নামে মাদকাসক্ত এক যুবকের ৯ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা জরিমানা প্রদান করা হয়েছে।
সোমবার দুপুর ১টায় ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ও ধুনট উপজেলা সহকারী কমিশনার (ভুমি) খায়রুজ্জান এ দন্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্ত আসামি রাজু মিয়া উপজেলার গোপালনগর ইউনিয়নের বাঁশপাতা গ্রামের বেলাল হোসেনের ছেলে।
উপজেলা ভুমি অফিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ধর্নাঢ্য পরিবারের সন্তান রাজু মিয়া। দীর্ঘদিন ধরে সে মাদকাসক্ত হয়ে পড়ে। মাদকাসক্ত স্বামী রাজুর নির্যাতন সইতে না পেরে ৬ মাস আগে কোলের শিশু ছেলে সন্তানকে রেখে তার স্ত্রী সংসার ছেড়ে বাবার বাড়িতে চলে গেছেন। এছাড়া মাদক দ্রব্য কেনার জন্য প্রায়ই বাবার কাছে টাকা দাবি করে রাজু মিয়া। কিন্ত বাবা টাকা দিতে অস্বীকার করলে বাবা ও শিশু সন্তানকে হত্যাচেষ্টা ও ঘরের আসবাবপত্র ভাংচুর করে।

এ অবস্থায় মাদকাসক্ত ছেলের নির্যাতন সইতে না পেরে অসহায় বাবা বেলাল হোসেন উপজেলা নির্বাহী অফিসার সহ আইনপ্রয়োগকারী সংস্থার বিভিন্ন দপ্তরে অভিযোগ করে। মাদক দ্রব্য সেবনের ধারাবাহিকতায় সোমবার দুপুরে বাড়িতে বসে ইয়াবা ট্যাবলেট সেবন করতে থাকে রাজু মিয়া। এ সময় সংবাদ পেয়ে ভ্রাম্যমান আদালতের টিম দ্রæত ঘটনাস্থলে পৌছে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে রাজু মিয়ার বিরুদ্ধে এ দন্ডাদেশ দেন। সাজাপ্রাপ্ত আসামি রাজু মিয়াকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ও ধুনট উপজেলা সহকারী কমিশনার (ভুমি) খায়রুজ্জামান জানান, মাদক প্রতিরোধে এমন অভিযান অব্যাহত থাকবে। সেই সাথে মাদক ও জুয়া প্রতিরোধে সকল পেশার মানুষের সহযোগিতা কামনা করেছেন তিনি।


