
বগুড়ার ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়নের জয়শিং গ্রামে সরকারি রেকর্ড ভুক্ত রাস্তা অবৈধ দখল মুক্ত করার দাবী জানিয়েছেন গ্রামবাসী। সড়কের জায়গা দখল করে বাড়ি নির্মাণকরায় প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের, মসজিদে মুসুল্লীদের এবং গ্রামের মানুষের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এদিকে জনস্বার্থে সড়কটি দখলমুক্ত করার দাবীতে গ্রামবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। মঙ্গলবার বিকেলে জয়শিং বটতলা এলাকায় গ্রামের শতাধিক নারী-পুরুষ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন।

গ্রামবাসী জানান জয়শিং গ্রামের আমজাদ হোসেন মন্ডল ও তার ছেলে এনামুল হক মন্ডল গ্রামের আরএস খতিয়ান ভুক্ত সরকারি রাস্তা দখল করে অবৈধ ভাবে বাড়ি নির্মাণ করে বসবাস করছেন। রাস্তা দখল করে বসতবাড়ি নির্মাণের ফলে গ্রামের ভিতর দিয়ে চলাচল করতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। দখলকৃত সড়কের উত্তরে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়, একটি কওমি মাদ্রাসা ও মসজিদ রয়েছে। এ সড়কে চার শতাধিক পরিবারের লোকজন নিয়মিত চলাচল করেন। অবৈধ ভাবে সড়কের জায়গা দখল করে বসতবাড়ি ও স্থাপনা নির্মাণ করায় ওই সড়কে শিক্ষার্থী, মুসুল্লী ও গ্রামের মানুষের চলাচলে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। বিষয়টি নিয়ে স্থানীয় ভাবে কয়েকদফা বৈঠক করেও সড়কটি দখলমুক্ত করা সম্ভব হয়নি।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে সড়কটি দখলমুক্ত করে গ্রামবাসীর চলাচলের জন্য উন্মুক্ত করতে প্রশাসনের সহযোগীতা কামনা করেন।


