
দীর্ঘ ১৭ বছর পর অনুষ্ঠিত ২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে বগুড়ার ধুনট উপজেলায় ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬৩ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে মেধা বৃত্তি পেয়েছে ২০ জন শিক্ষার্থী এবং সাধারণ ক্যাটাগরিতে বৃত্তি পেয়েছে ৪৩ জন শিক্ষার্থী।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড রাজশাহীর অধীনে বৃত্তি পরীক্ষার ফলাফলে ২০ জন শিক্ষার্থী বৃত্তি পেয়ে ধুনট উপজেলার সাফল্যের শীর্ষে অবস্থান করেছে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়। এই শিক্ষা প্রতিষ্ঠানে মেধা বৃত্তি পেয়েছে ১০ জন শিক্ষার্থী এবং সাধারণ ক্যাটাগরিতে বৃত্তি পেয়েছে ১০ জন শিক্ষার্থী।
এ বিষয়ে ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হারুনর রশীদ বলেন, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফলেই এ অসাধারণ সাফল্য অর্জিত হয়েছে। শিক্ষকদের আন্তরিকতা, শিক্ষার্থীদের অধ্যবসায় এবং অভিভাবকদের সহযোগিতাই আমাদের এগিয়ে নিয়েছে। ধারাবাহিকভাবে ভালো ফলাফলের এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


