
বগুড়ার ধুনট উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে পোশাক কারখানার শ্রমিক দম্পতিকে মারধর ও নারী শ্রমিককে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় বৃহস্পতিবার ধুনট থানায় একটি লিখিত অভিযোগ হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের জোড়খালী গ্রামের খোকন মীর ও তার স্ত্রী মরিয়ম খাতুন ঢাকায় পোশাক কারখানায় চাকুরি করেন। পোশাক শ্রমিক দম্পতি গ্রামের বাড়িতে না থাকার সুযোগে প্রতিবেশী আয়নাল হক তাদের জমি বেদখলের চেষ্টা করে। সংবাদ পেয়ে ওই দম্পতি ঢাকা থেকে বাড়িতে ফিরে আসেন। এ অবস্থায় বুধবার বিকেল ৫টার দিকে আয়নাল হক ও তার লোকজন খোকন মীরের জায়গায় ঘর তোলার চেষ্টা করে। এ সময় খোকন মীর ও তার স্ত্রী মরিয়ম তাদের বাধা দেয়। এতে ক্ষুব্ধ হয়ে আয়নাল হক ও তার লোকজন খোকন মীর ও তার স্ত্রীকে মারধরে আহত করে। এ সময় প্রতিপক্ষের লোকজন খোকন মীরের স্ত্রী মরিয়ম খাতুনকে শ্লীলতাহানির চেষ্টা করে। আহত দম্পতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনরায় খোকন মীর বাদি হয়ে আয়নাল হক সহ ৪ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

এ বিষয়ে আয়নাল হক জানান, জমি নিয়ে পূর্ব থেকে বিরোধ রয়েছে। বিবাদমান জমিতে ঘর উঠানোর সময় তাদের সঙ্গে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। তাদের কোনপ্রকার মারধর বা শ্লীলতাহানির চেষ্টা করা হয়নি।

অভিযোগের তদন্তকারী কর্মকর্তা ধুনট থানার এএসআই বেলাল হোসেন বলেন, অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে উর্দ্ধতন পুলিশ কর্মকর্তার (ওসি) সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


