১১ মাসের শিশুর বিরুদ্ধে চার্জশিট : তদন্তকারী কর্মকর্তা বরখাস্ত
নিউজ ডেস্ক.
১১ মাসের শিশু ও মৃত ব্যক্তির বিরুদ্ধে চার্জশিট দেয়ার অভিযোগে তদন্তকারী কর্মকর্তা এসআই মারুফুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। রাজধানীর মিরপুর মডেল থানায় চুরি ও মারামারির অভিযোগে দায়ের করা একটি মামলায় এ চার্জশিট দেয়া হয়।
অন্যদিকে মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. সাজ্জাদ হোসেনকে প্রত্যাহার করে মহালছড়িতে এপিবিএন-এ সংযুক্ত করা হয়েছে। পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) সহেলী ফেরদৌস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর জোনের সহকারী কমিশনার (এসি) কাজী মাহবুবুল আলমকে একই কারণে বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করে ইনসার্ভিস ট্রেনিং সেন্টারে বদলির প্রক্রিয়া চলছে। একইসঙ্গে এই তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরেরও প্রস্তুতি চলছে।
ডিএমপি’র মিরপুর জোনের উপ-কমিশনার ও অতিরিক্ত উপ-কমিশনারকে এ ব্যাপারে সতর্ক করা হয়েছে। পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে নিবিড় মনোযোগ দিয়ে মামলা তদন্তের নির্দেশ দেয়া হয়েছে এই কর্মকর্তাদের।
পুলিশের আইজি এ কে এম শহীদুল হকের নির্দেশে রবিবার এ নির্দেশনা ও শাস্তিমুলক ব্যবস্থা নেয়া হয়েছে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে।
এর আগে গত ৩০ এপ্রিল ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক খুরশীদ আলম গত ৯ মে এ কর্মকর্তাকে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলেছিলেন। কিন্তু তিনি অসুস্থ হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জিআরও আদালতকে অবহিত করলে আদালত আগামী ১৬ মে সশরীরে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দেয়ার নির্দেশ দেন। এর দু’দিন আগেই রবিবার আইজিপি সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিলেন।
১১ মাসের শিশু ও মৃত ব্যক্তির বিরুদ্ধে চার্জশিট দেয়ার ঘটনায় সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে নিন্দার ঝড় ওঠে। বিষয়টিকে কর্তব্যে গাফিলতির সীমাহীন নজির বলে মন্তব্য করেন সচেতন নাগরিকরা।
নিউজ ডেস্ক. বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, নির্যাতিত রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক। রোহিঙ্গাদের তাদের স্বদেশে ফেরাতে হবে। বাংলাদেশ খুব গরিব দেশ।…
অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ